আদালত অবমাননার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চেয়ারম্যান ডা. আব্দুস সালাম ও মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেনকে তলব করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছে।
রুলে আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তা ২০ এপ্রিল আদালতে হাজির হয়ে জানাতে বলা হয়েছে।
গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ড্যাব আয়োজিত এক মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সব কোর্ট মুজিব কোটের পকেটে বন্দি। মুজিব কোটের পকেট ছিঁড়তে না পারলে বিচারকরা সঠিক রায় দিতে পারবেন না। তাদের বিবেক জাগ্রত হবে না।
তিনি আরো বলেন, আজকে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট—সব কোর্ট মুজিব কোট হয়ে গেছে। বিচারকরা কোনো আরজি শুনে বিচার করতে পারেন না। ইশারার দিকে তাকিয়ে থাকেন। সেক্ষেত্রে বিচার চেয়ে লাভ হবে না। ওই বক্তব্য সোমবার কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে হাইকোর্টের এবটি বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে গয়েশ্বরসহ তিন জনের বিরুদ্ধে রুল জারি করে এবং তাদের তলবের আদেশ দেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: