বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের শুনানি স্থগিত করে ২১ মে দিন ঠিক করেছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায় এ দিন ঠিক করেন।
(আজ) সকালে এ মামলা ২টির সাক্ষ্যগ্রহণের শুনানির জন্য খালেদা জিয়ার আইনজীবী সানাউল্যা মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার বিবাদীর পক্ষে সময়ের আবেদন করেন।
তারা আদালতকে জানায়, খালেদা জিয়া সাংগঠনিক কাজে ব্যস্ত থাকায় ও মামলা ২টি বাতিলের আবেদনের বিষয়ে আগামী ২৩ এপ্রিল হাইকোর্টে আদেশের দিন ধার্য থাকায় শুনানি মুলতবির আবেদন করা হয়েছে।
পরে আদালত সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ২১ মে পরবর্তী দিন ঠিক করে।
গত ১৯ মার্চ এ দুটি মামলায় চার্জগঠন করা হয়। এ চার্জগঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিভিশন আদেশ দায়ের করেন। আগামী ২৩ এপ্রিল এ বিষয়ে হাইকোর্ট আদেশের জন্য দিন ধার্যও করা ছিল।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরে ২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এদিকে, ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলাটি করা হয়।
পরে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
দুটি মামলারই বাদী ও তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুনুর রশীদ।