রাজধানীর রামপুরা থানার দায়ের করা হত্যা মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের ৬ মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের এ জামিন আবেদন মঞ্জুর করেন।
গত বছরের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে মালিবাগ চৌধুরীপাড়ায় দক্ষিণখান থানার শিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হবার ঘটনায় এ মামলা দায়ের হয়। আসামিদের গত ৯ মার্চ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন দেয়া হয়।
জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে ২০ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির ৩ নেতা।
গয়েশ্বর-আমানের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে একই মামলায় দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন দেওয়া হয়।
পরে ২৩ এপ্রিল ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এবং ২৭ এপ্রিল ঢাকা দায়রা জজ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে।