বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আগামী ৮ মে প্রসিকিউশনের শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন।
এর আগে জারি করা শোকজ নোটিসের বিষয়ে বিবাদীপক্ষের শুনানি সকালে শেষ হয়েছে। খন্দকার মাহবুব হোসেনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
এদিকে, প্রসিকউটর জেয়াদ আল মালুমের শারীরিক অসুস্থতার কথা বলে সময়ের আবেদন জানান প্রসিকিউটর তাপস কান্তি বল। পরে আদালত ৮ মে প্রসিকিউশনের শুনানির দিন নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রায়ের পর সুপ্রিম কোর্ট বারের হলরুমে সংবাদ সম্মেলন করে খন্দকার মাহবুব বলেন, জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার হবে। আর যারা এ প্রহসনের বিচারে সম্পৃক্ত ছিলেন ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।
এনিয়ে ৬ অক্টোবর খন্দকার মাহবুবের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করেন ট্রাইব্যুনাল। নোটিসে কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না? তা জানতে চেয়ে ২১ অক্টোবরের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছিল।
পরে চার সপ্তাহের সময় নিয়ে ১৯ নভেম্বর শোকজ নোটিসের জবাব দাখিল করেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।