সুনামগঞ্জে বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় গ্রেপ্তার লিয়াকত ও আবুল কালাম আজাদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম দুই দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান জানান, লিয়াকত ও কালামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। পরে দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, দেশব্যাপী গুম-হত্যার প্রতিবাদে গত ৪ মে সুনামগঞ্জে দলীয় কর্মসূচি শেষে সিলেটে ফেরার পথে নিজের গাড়িচালকসহ নিখোঁজ হন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব। যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিব বর্তমানে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি যুক্তরাজ্য বিএনপিরও সহসভাপতি।
এ ঘটনায় মুজিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে গাড়িচালকসহ তার নিখোঁজ হওয়ায় বিষয়টি পুলিশকে অবগত করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত ১০ মে শনিবার ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয় ইউপি সদস্য লিয়াকত ও আবুল কালাম আজাদকে।