মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামারুজ্জামানের আপিলের শুনানি আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩য় দফা পিছিয়ে ৩ জুন পর্যন্ত ধার্য করা হয়েছে। মঙ্গলবার আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ শুনানি মুলতবি করেন।
বেঞ্চের অপর ৩ জন বিচারপতি হলেন : বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
কামারুজ্জামানের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রস্তুতির জন্য ৫ সপ্তাহ সময়ের আবেদন জানালে আদালত ৩ জুন পর্যন্ত সময় মঞ্জুর করে।
খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে কামারুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই বছরের ৬ জুন ওই সাজা বাতিল করে খালাস চেয়ে কামারুজ্জামান আপিল করেন।
গত বছরের ২৯ সেপ্টেম্বর আপিলের সার-সংক্ষেপ জমা দেয় আসামিপক্ষ। তবে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি।