একটি খুনের মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডে আবেদন জানালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। সোমবার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক যাবিদ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা তদন্তে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি কাউন্সিলর নীলাকে জিজ্ঞাসাবাদ করেছিল। এদিকে, সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জে আইনজীবীদের আন্দোলনে বিভক্ত দেখা দিয়েছে।
গত বছর সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় জুয়েল নামের এক ব্যাক্তিকে খুনের মামলায় সোহাগ ও মনা নামে দুই জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় নীলার সম্পৃক্ততার কথা জানায় তারা।
এর পরিপ্রেক্ষিতে সকালে নীলাকে তার বাসা থেকে আটকের পর সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। পরে নারায়ণগঞ্জ আদালতে নীলাকে হাজির করে পুলিশ।
এছাড়া, নজরুল ইসলামসহ ৭ জনকে হত্যাকাণ্ডের ঘটনা প্রশাসনিক তদন্ত কমিটি কাউন্সিলর নীলাকে জিজ্ঞাসাবাদ করেছিল।
এদিকে, সাত খুনের মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আদালত বর্জন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সম্মিলিত আইজীবী সমন্বয় পরিষদ জানিয়েছেন, একটি মহল শামীম ওসমানকে উদ্দেশ্য প্রনীতভাবে হেয় করতে অপচেষ্টা করছে। আর জেলা আইনজীবী বলছে, কোনো রকম টাল বাহান চলবে না। নুর হোসেনকে যে কোনোভাবে গ্রেপ্তার করতে হবেই।
বেলা ৩টায় নারায়ণঞ্জ সার্কিট হাউজে আবারো গণশুনানির কথা রয়েছে। সেখানে প্রত্যাহার করা সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা থানা ও ডিবি অফিসের সাবেক ভারপ্রাপ্ত কর্মকতাদের তলব করেছে প্রশাসনিক তদন্ত কমিটি।