রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার রায় আগামী ১৬ জুন ঘোষণা করা হবে। বুধবার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এ দিন ধার্য করেন।
গত বছরের ২৩ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সর্বশেষ গত ৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হেনার পুনঃসাক্ষ্যগ্রহণ শেষ হয়।
২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান ও বিএনপির সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ হরকাতুল জিহাদের ১৪ জঙ্গিকে আসামি করে হত্যা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সালের ১ বৈশাখ) ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। ঘটনার দিন বাবুপুরা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।