প্রয়োজনের বাইরে দেশের গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন প্রকাশ বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
একই সঙ্গে স্বরাষ্ট্রসচিব ও পুলিশ বিভাগকে তাদের আওতাধীন সকল বিভাগে আগামী ৩০ দিনের মধ্যে ইংরেজি লেখা সকল নেমপ্লেট, নম্বর প্লেট ও সাইনবোর্ড অপসারণ করতে বলা হয়েছে। এদিকে, আদালতের এ আদেশ বাস্তবায়নে সহযোগিতার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছে তথ্যমন্ত্রণালয়।
দেশের সবক্ষেত্রে বাংলাভাষা ব্যবহারে নির্দেশনা চেয়ে আইনজীবি মোহাম্মদ ইউনুছ আলী আকন্দ গত ১৬ ফেব্রুয়ারি আদালতে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি সংবাদপত্র ও টেলিভিশন, অনলাইন সংবাদসহ সকল গণমাধ্যমের বিজ্ঞাপন, সাইনবোর্ড এবং সব ধরনের নম্বর ও নেমপ্লেটে এক মাসের মধ্যে বাংলাভাষা ব্যবহারের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি সরকারি অফিস আদালতেও বাংলাভাষা ব্যাবহারের নির্দেশ দেয়া হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েক দফা সময় বাড়ানো হলেও সবশেষ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ পুনরায় এ আদেশ দেয়।
এতে, আগামী এক মাসের মধ্যে প্রয়োজনের বাইরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে সব ধরনের ইংরেজি বিজ্ঞাপন বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত।
এর পরিপ্রেক্ষিতে গণমাধ্যম কর্মকর্তাদে সঙ্গে বৈঠক করেন তথ্যসচিব। বৈঠকে বিকৃতভাবে বাংলাভাষার উচ্চারণ, বিদেশি ভাষার মিশ্রনে কথা না বলা এবং ইংরেজি ভাষায় বিজ্ঞাপন প্রচার না করতে আহবান জানানো হয়।
এ বিষয়ে শিগগিরই প্রতিটি সংবাদপত্র, অনলাইন সংবাদপত্র এবং টেলিভিশনগুলোতে চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।