হাইকোর্ট বিভাগের পাঁচ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেয়া হয়েছে। সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
স্থায়ী হওয়া পাঁচ বিচারপতি হলেন: বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মো. বদরুজ্জামান, বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচজন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ করেছে।
শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৪ জুন এ পাঁচ বিচারকসহ মোট ৬ জনকে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। অন্য বিচারক হলেন- বিচারপতি এবিএম আলতাফ হোসেন।