রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জিএম জয়নাল আবেদিন ভুইয়াকে তলব করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও মো.আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার আলাদা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছে।
আগামী ৮ জুলাই সশরীরে আদালতে হাজির হয়ে হাইকোর্টের রায় প্রতিপালন না করার বিষয়টি তাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. আতরারুল হক।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ক্ষতিগ্রস্ত হিসেবে দিলীপ কুমার মুখার্জি, নির্মল কুমার দাস ও কাশীনাথ ঘোষ হাইকোর্টে পৃথক তিনটি রিট দায়ের করেন। পৃথক ওই রিটে ২০১২ সালের ১৯ জুলাই রায় দেয় হাইকোর্ট।
রায়ে রিট আবেদনকারীদের পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে ক্ষতিগ্রস্ত হিসেবে তিন মাসের মধ্যে প্লট দেয়ার জন্য রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেয়া হয়।
তবে এক বছরেও হাইকোর্টের ওই রায় কার্যকরে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি রাজউক। তারই পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে হাইকোর্টে রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আলাদা আদালত অবমাননার আবেদন করেন রিট আবেদনকারীরা।
ওই আবেদনের শুনানি নিয়ে একই বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে।
আজ (মঙ্গলবার) ওই রুলের শুনানিতে হাইকোর্ট রাজউক চেয়ারম্যানকে তলবের আদেশ দেন।