ফরমালিন আমদানি ও নিয়ন্ত্রণে আলাদা সনদ প্রদানকারী কর্তৃপক্ষ (লাইসেন্সিং অথরিটি) গঠনের নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদনটি করা হয়েছে।
আবেদনকারীর আইনজীবী সৈয়দ মহিদুল কবির জানান, আগামী রোববার আবেদনটি শুনানির জন্য দাখিল করা হতে পারে।
লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ ফাউন্ডেশনের সহকারী পরিচালক ফরিদ আহমেদ এর আগে করা এক রিট আবেদনের ধারাবাহিকতায় সম্পূরক এ আবেদনটি করেন। আবেদনে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য আইন ২০১৩ কার্যকরের নির্দেশনা চেয়ে ফরিদ আহমেদের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল।
রুলে নিরাপদ খাদ্য আইন কার্যকরে তাত্ক্ষণিক পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। একই সঙ্গে নিরাপদ খাদ্য আইন কার্যকরে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ১৬ জুনের মধ্যে আদালতে দাখিল করতে খাদ্য সচিবকে নির্দেশ দেয়া হয়। ওই রিট আবেদনের ধারাবাহিকতায় ফরমালিন নিয়ন্ত্রণ বিষয়ে সম্পূরক আবেদনটি করা হয়।
আবেদনকারীর আইনজীবী মহিদুল কবির জানান, ফরমালিন নিয়ন্ত্রণে কোনো নীতিমালা নেই। সে জন্য এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও রুল জারির আরজি জানানো হয়েছে আবেদনে।
আবেদনে ফরমালিন আমদানি ও নিয়ন্ত্রণে আলাদা সনদ প্রদানকারী কর্তৃপক্ষ গঠনের কেন নির্দেশ দেয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।