মুক্তিযোদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি বাগেরহাটের খান মোহাম্মদ আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার সকালে তাকে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। তবে তার পক্ষে কোনো আইনজীবী ও জামিন আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আকরাম হোসেনকে (৬০) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা গ্রেপ্তার করে পুলিশ। আকরাম রাজশাহী পবা উপজেলার ভুগরইলে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন।
গত ১০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আকরাম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। আকরাম হোসেনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা, বাজার লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। ইতিহাসে ঘটনাটি শাঁখারীকাঠি গণহত্যা নামে পরিচিত।
২০০৯ সালে নিমাই চন্দ্র দাস নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে রাজাকার আকরাম হোসেন খানসহ ২০-৩০ জনের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে মামলা করেন।