প্রধান বিচারপতির সুপারিশেরও পরও হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবিএম আলতাফ হোসেনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ না দেয়ায় বিষয়টি চ্যালেঞ্জ করে সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিস উর রহমান ডাকযোগে এ নোটিশ পাঠান।
সরকারের পক্ষে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে পাঠানো এ নোটিশে বলা হয়, প্রধান বিচারপতির সুপারিশ থাকা সত্ত্বেও
এবিএম আলতাফ হোসেনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ না দেয়ার বিষয়টি সাংবিধানিক লঙ্ঘন।
নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রধান বিচারপতির সুপারিশ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৩ জুন এবিএম আলতাফ হোসেনসহ ৬ জনকে ২ বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু গত ৯ জুন এবিএম আলতাফ হোসেনকে বাদ দিয়ে অপর ৫ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ওই ৫ জনকে গত ১২ জুন শপথবাক্য পাঠ করানো হয়।