বাগেরহাটের মোড়লগঞ্জ থানার সরলিয়া গ্রামের লিমন হত্যা মামলায় বিচারিক আদালতে দেয়া তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টও বহাল রেখেছে। সোমবার বিচারপতি মোহাম্মাদ শহিদুল ইসলাম ও বিচারপতি আবদুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিপক্ষে আনা আপিল নিষ্পত্তি করে এ রায় দিয়েছে।
আসামিরা হচ্ছে- রফিকুল ইসলাম শেখ, মোহন খলিফা ও ওয়াহিদ হাওলাদার।
বিগত ২০০৮ সালে লিমন হত্যা মামলার এ তিন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দিয়েছিল বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত।
২০০৬ সালে বাগেরহাটের মোড়লগঞ্জ থানার সরলিয়া গ্রামের লিমন নিখোঁজ হন। ১২ ফেব্রুয়ারি সরলিয়া গ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে লিমনের মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনায় লিমনের ভাই লিটন বাদি হয়ে মোড়লগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় চার জনকে আসামি করা হয়। চার আসামির মধ্যে এক নম্বর আসামি জরিনা বেগমকে খালাস দিয়ে অপর তিনজনকে মৃত্যুদণ্ড দেন বাগেরহাট জেলা ও দায়রা জজ।
আসামিপক্ষে হাইকোর্টে আইনজীবী ছিলেন খবিরউদ্দিন ভুইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন বিশ্বদেব চক্রবর্তী।