দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারক নিয়োগের বৈধতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টে খারিজ হওয়া রিটের বিরুদ্ধে আপিল করা হয়েছে। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করা হয়।
আবেদনপত্রে এ দুই মামলায় হাইকোর্টের দেয়া আদেশ সঠিক হয়নি দাবি করে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নিম্ন আদালতে মামলা দুটির বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৯ মার্চ অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত। এ অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন ২৩ এপ্রিল খারিজ করে দেয় হাইকোর্ট।
এরপর এ দুই মামলায় বিচারক নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে রিট করেন খালেদা জিয়া।
২৫ মে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার করা রিট আবেদনে দ্বিধাবিভক্ত আদেশ দেন।
পরে ১৯ জুন বিচারপতি রেজা-উল হকের একক বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।