রাজধানীর মিরপুর থানায় পুলিশ হেফাজতে নির্যাতনে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ নির্দেশ দেন।
এর আগে সকালে নিহত মাহবুবুরের স্ত্রী মমতাজ সুলতানা বাদী হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। বাদীর জবানবন্দিগ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আদালত।
একইসঙ্গে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মামলার নথি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলায় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ, উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৩ জুলাই মধ্যরাতে রাজধানীর শঙ্কর এলাকা থেকে সুজন, তার স্ত্রী ও ৫ বছরের ছেলেকে ধরে নিয়ে যায় মিরপুর থানার এসআই জাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল। পরে সুজনকে আলাদা করে তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন মমতাজ।
পরের দিন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুজনের মৃত্যু হয়।