বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার এ রিট করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
সরকার যদি এ অনুচ্ছেদ সংশোধন করে তবে বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে রিটে দাবি করা হয়েছে।
১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। পরে সংবিধান সংশোধনের মাধ্যমে এ ক্ষমতা বিচার বিভাগের কাছে ন্যস্ত করা হয়। এতে বলা হয়, একমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছাড়া বিচারপতিদের অভিশংসিত করার এখতিয়ার কারো নেই।
সম্প্রতি বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে থাকার বিধানটি ফিরিয়ে আনার সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এ পরিপ্রেক্ষিতে বিচারপতিদের স্বাধীনভাবে কাজ করতে দেয়ার যুক্তি দেখিয়ে তাদের অভিশংসন বিষয়ে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন না করার নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। আইন ও মন্ত্রী পরিষদ সচিবকে রিটে বিবাদী করা হয়েছ।