দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন ২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ স্থগিতাদেশ দিয়েছে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান।
এ সংক্রান্ত হাইকোর্টের আদেশে বলা হয়, খন্দকার মোশাররফকে তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করতে পারবেন না।
এর আগে গত ৯ জুলাই বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ খন্দকার মোশাররফকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল। ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে মোশাররফ হোসেনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।
এ মামলায় গত ১২ মার্চ রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে খন্দকার মোশাররফকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, বিগত চারদলীয় জোট সরকারের সময় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে থাকাকালে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে মোট ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা অর্জন করেন। পরে গোপনে যুক্তরাজ্যের লয়েডস টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে নিজের ও স্ত্রী বিলকিস আক্তার হোসেনের নামে যৌথ হিসাবে ওই পরিমাণ অর্থ জমা করা হয়।