ফরমালিন পরীক্ষায় ব্যবহৃত ফরমাল ডিহাইড মিটার জেড-৩০০ যন্ত্রটি পরীক্ষার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আগামী ৪ সপ্তাহের মধ্যে পরীক্ষার প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ওই যন্ত্র ব্যবহার করে ফলমূলে ফরমালিন পরীক্ষা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না? তাও রুলে জানতে চাওয়া হয়েছে।
ঢাকা সিটি করপোরেশন এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাছ, ফল ও সবজিসহ খাদ্যপণ্যে ফরমালিন শনাক্তের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি ফরমালডিহিইড মিটার ৩০০ নামের একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছে। ফরমালিন পরীক্ষায় ব্যবহৃত যন্ত্র যথাযথ নয় দাবি করে গত ১৩ জুলায় হাইকোর্টে রিট আবেদন করেন দুই ব্যবসায়ী।
এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে আজ (সোমবার) ফরমালিন শনাক্তে ব্যবহৃত যন্ত্রটি পরীক্ষার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআই), বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এবং ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির পরিচালককে ওই যন্ত্র পরীক্ষা করে ৪ সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একইসঙ্গে ওই যন্ত্র ব্যবহার করে ফরমালিন পরীক্ষা করা কেন অবৈধ ঘোষণা করা হবে-না তাও জানতে চাওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুখলেসুর রহমান বলেন, এ আদেশে ফরমালিন বিরোধী চলমান অভিযানে কোনো নিষেধাজ্ঞা দেয়নি আদালত।