দীর্ঘ দিন ধরে চলা ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ৯২তম সাক্ষী হাফেজ হুমায়ুন কবির জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী এজলাসে এ জবানবন্দি রেকর্ড করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরউদ্দিন।
এ মামলার শুনানির পরবর্তী দিন আগামী ৪ আগস্ট।
গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি মাওলানা আব্দুস সালামের বাড়ি থেকে তার পাসপোর্ট জব্দ ও জেহাদি বই উদ্ধারের ঘটনার বর্ণনা দেন হুমায়ুন।
হুমায়ুন কবির বলেন, মাওলানা আব্দুস সালাম হরকাতুল জিহাদের কেন্দ্রীয় নেতা, তার বাড়ি থেকে সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত কাগজ ও জেহাদি বই উদ্ধারের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় পলাতক ১৯ জন ছাড়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর আগে সকালে ৯১ নম্বর সাক্ষী সিআইডি কর্মকর্তা খন্দকার রেজাউল হাসানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
উল্লেখ, ২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় দলের মহিলা বিসয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নির্মমভাবে প্রাণ হারান। ওই হামলা থেকে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আহত হন শতাধিক নেতাকর্মী।