একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন বিষয়ে প্রতিবেদন ছাপানোয় দৈনিক সংগ্রামের সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে নোটিশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
অপর ৩ জন হলেন‑ দৈনিক সংগ্রামের রংপুর প্রতিনিধি, রংপুর মুক্তিযোদ্ধা সংসদে ডেপুটি ইউনিট কমান্ডার একরামুল হক দুলু ও রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান রাঙ্গা।
আগামী ২০ আগস্ট এ চার জনকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। তবে সম্প্রতি এ বিষয়ে দৈনিক সংগ্রাম পত্রিকায় দুই জন ব্যক্তির সাক্ষাত্কার ছাপা হয়েছে।
সাক্ষাত্কারে ওই দুই জন দাবি করেছেন, এটিএম আজহার একাত্তরে রংপুরে কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না।