যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোজাম্মেল হোসেনকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া জামিনও স্থগিত করেছে।
মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
এর আগে ২২ জুলাই হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
অবৈধ প্রক্রিয়ায় বিসমিল্লাহ গ্রুপকে ঋণ দেয়ার ঘটনায় করা মামলায় ২২ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ মোজাম্মেল হোসনে অন্তবর্তীকালীন জামিন দেন। এরপর ওই জামিন আদেশ অনুসারে তিনি কারাগার থেকেও মুক্ত হন। এর বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল দায়ের করে দুদক। মঙ্গলবার চেম্বার আদালতে ওই আপিলের শুনানি করা হয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। যমুনা ব্যাংকের মোজাম্মেলের পক্ষে ছিলেন আইনজীবী শ. ম রেজাউল করিম।
উল্লেখ, গতবছরের ৩ নভেম্বর জনতা ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক থেকে মোট ১ হাজার ১৭৪ কোটি টাকা সরানোর অভিযোগে রমনা মডেল, মতিঝিল ও নিউ মার্কেট থানায় ১২টি মামলা করে দুদক। মামলায় বিসমিল্লাহ গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের ১৩ জন এবং এই পাঁচটি ব্যাংকের ৪০ জনকে আসামি করা হয়। এরমধ্যে দুই মামলায় প্রাইম ব্যাংকের তৎকালীন কর্মকর্তা মোজাম্মেলকে আসামি করা হয়। বর্তমানে তিনি যুমনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক।