ভারতীয় তিনটি টিভি চ্যানেল (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) বাংলাদেশে সম্প্রচার ৭ দিনের মধ্যে বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বৃহস্পতিবার আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী সুপ্রিম কোর্টের নির্দিষ্ট শাখায় রিটটি করেন।
রিট সাত দিনের মধ্যে ওই তিনটি চ্যানেলের সম্প্রচার বন্ধে নির্দেশ চাওয়ার পাশাপাশি তা বাস্তবায়নে প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে ভারতীয় চ্যানেল বাংলাদেশে সম্প্রচার না করতে কেন নির্দেশ দেয়া হবে না? সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।
আবেদনকারীর পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া বলেন, বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে সম্প্রচার করা হয় না। তবে ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশে অবাধ সম্প্রচারের ফলে দেশের যুব সমাজ ধ্বংসের সম্মুখীন।
আইনজীবী আরো বলেন, আগামী রোববার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হবে।
এ সময় তিনি বলেন, স্টার জলসায় ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয়কারীর পোশাকে (পাখি ড্রেস) আকৃষ্ট হয়ে কিনতে না পারায় বাংলাদেশে একাধিক কিশোরী আত্মহত্যা করেছে।