একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক জাতীয় পার্টির সাবেক এমপি পিরোজপুরের ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ জব্বারের অনুপস্থিতিতে আগামী ৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের দিন ধার্য করেছেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ জাহিদ ইমাম জানিয়েছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জব্বারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার মধ্য দিয়ে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
জব্বারের বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তর, লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫৫৭টি বাড়িঘর ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ৪৬ জন।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি কমিটির চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে ২০১৩ সালের ১৯ মে তদন্ত শুরু হয়।
চলতি বছরের ২৯ এপ্রিল তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করেন তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনের নথিপত্র, সাক্ষ্য-প্রমাণসহ যাবতীয় বিচার-বিশ্লেষণ করে প্রসিকিউশনের পক্ষ থেকে গত ১১ মে জব্বারের বিরুদ্ধে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।
জব্বার পলাতক থাকায় গত ৮ জুলাই ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চালানোর নির্দেশ দেন। পাশাপাশি আসামিপক্ষে মামলা চালাতে রাষ্ট্রীয় খরচে মোহাম্মদ আবুল হাসানকে আইনজীবী নিয়োগ দেয়া হয়।