বাংলাদেশে ভারতীয় ৩টি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি উপস্থাপিত হয়নি বলে কার্যতালিকা থেকে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ খারিজ আদেশ দেন।
২১ আগস্ট একই বেঞ্চ এক আইনজীবীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় চ্যানেল সম্প্রচারের অনুমোদন ও অর্থ জমা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য জানাতে বলেছিলেন। এ অনুযায়ী রিট আবেদনকারী ও অপর পক্ষের আইনজীবী আদালতে তথ্য উপস্থাপন করেন। শুনানির পর আদালত তা কার্যতালিকা থেকে বাদ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। কেবল টিভি নেটওয়ার্কের পক্ষে তথ্য উপস্থাপন করেন আইনজীবী আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা—ভারতীয় এই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে ৭ আগস্ট আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী রিটটি করেন।