ছাত্র-শিবিরের সাবেক ও বর্তমান সভাপতিসহ ১৫৪ জামাত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ হত্যাচেষ্টা ও গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় অভিযোগ গঠন করেছে আদালত।
মঙ্গলবার অভিযোগ গঠনের নির্দেশ দিয়ে ঢাকা মহানগর ৬ নম্বর দ্রুত বিচার আদালতের হাকিম তারেক মঈনুল ইসলাম ভুঁইয়া আগামী ১২ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছে।
রাজধানীর পল্টন থানায় করা অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলায় জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীও রয়েছেন।
ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর জামাতের বর্তমান সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ও ছাত্রশিবিরের বর্তমান সভাপতি দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো শীর্ষ নেতারা অভিযুক্তের তালিকায় রয়েছেন।
পুলিশ হেফাজতে থাকা মাসুদ ও সাঈদীসহ জামিনে থাকা অভিযুক্ত আরো ৬০ জন মঙ্গলবার শুনানিতে হাজির হন। আদালত এদিন ৭৪ জনের জামিন বাতিল করে একইসঙ্গে শুনানিতে অনুপস্থিত অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছেন ১৬ আসামি।
উল্লেখ, ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে অনুমতি ছাড়া মিছিল বের করে জামাত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায় এবং শহরের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওইদিনই ১৫৪ জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।