ঢাকা ও চট্টগ্রামে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্যাটকো (মেসার্স গ্লোবাল এগ্রোটেড) লিমিটেডকে ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে করা মামলা বাতিল চেয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক লুৎফুল কবীরের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
বুধবার দুপুরে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ রায় দিয়েছে।
পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, এ মামলা এখন নিম্ন আদালতে চলবে।
বহুল আলোচিত গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক ছয় মন্ত্রীসহ ২৪ জন এজাহারভুক্ত আসামি রয়েছেন। তাদের মধ্যে মঙ্গলবার গ্যাটকো মামলা বাতিল চেয়ে লুৎফুল কবীরের করা আবেদনের ওপর শুনানি শেষ হয়।
লুৎফুল কবীরের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ আবু নাছের এবং দুদকের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ঢাকার কমলাপুরের কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক।
ওই মামলায় গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে এক হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ২০০৮ সালের ১০ জুলাই খালেদা জিয়া, সাবেক ছয় মন্ত্রীসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় দুদক। এরপর চার্জশিটভুক্ত আসামি খালেদা জিয়াসহ অনেকেই ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন।