আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া রায়ের কপি ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে মামলার গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মো. শাজাহান এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে থাকা অন্য আসামিরা হলেন: সাকা চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, আইনজীবী ফখরুল ইসলাম, আইনজীবীর সহকারী মেহেদী হাসান, সাকা চৌধুরীর ব্যবস্থাপক মাহবুবুল আহসান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সাকা চৌধুরীকে গতবছরের ১ অক্টোবর মৃত্যুদণ্ড দেয় ট্রাব্যুনাল-১।
রায়ের পর সাকার পরিবার দাবি করে, রায় ফাঁস হয়েছে। এ রায় আইন মন্ত্রণালয় থেকে বেরিয়েছে, যা তারা আগেই ইন্টারনেটে প্রকাশ পেয়েছে।
২ অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসির উদ্দিন মাহমুদ রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে রায়ের খসড়া ফাঁস হয়ে থাকতে পারে বলে জিডিতে উল্লেখ করা হয়। পরে ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও মুদ্রাক্ষরিক ফারুককে গ্রেপ্তার করা হয়। নয়ন আলী ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে রায় ফাঁসে ব্যারিস্টার ফখরুলের সংশ্লিষ্টতার কথা বলেন।