নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) আরো সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার দুপুরে পৃথকভাবে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তিনটি আদালতে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় তাদের জবানবন্দি দেন।
নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ আলোচিত সাত হত্যার ঘটনায় সর্বশেষ বুধবার র্যা বের আরো ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে সিনিয়র ল্যান্স নায়েক হিরা মিয়া ও নায়েক আবু তৈয়ব ও হাবিলদার এমদাদুল হক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে শনিবার আদালতে হাজির করা হয়।
এর আগে গত ২৭ আগস্ট তাদের গ্রেপ্তারের পর এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলায় ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
রিমান্ডের দ্বিতীয় দিনে আজ র্যা বের তিন সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কে এম ফজলুর রহমান।
অন্যদিকে মামলার তদন্তের সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানান পুলিশ সুপার ড.খন্দকার মহিদউদ্দিন।
ইতিমধ্যে আদালতে ১৭ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরমধ্যে ৫ জন স্বীকারোক্তিমূলক এবং আর ১২জন সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি।