বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণ এক সপ্তাহ পিছিয়ে ১০ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। উচ্চ আদালতে লিভ টু আপিল নিস্পত্তির অপেক্ষায় থাকায় বুধবার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায় এ আদেশ দেন।
এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করেন, উচ্চ আদালতে লিভ টু আপিল নিস্পত্তির অপেক্ষায় থাকায় সাক্ষ্যগ্রহনের দিন পেছানো হয়েছে।
এর আগে দুপুর ১টার দিকে বিশেষ জজ আদালত- ৩ এর অস্থায়ী এজলাসে হাজির হন খালেদা জিয়া। এ সময় চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে নেতাকর্মীরা আদালত প্রাঙ্গনের ভেতরে ঢুকতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন।
এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে পুলিশ ফাকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে দুপুর দেড়টার দিকে এজলাস থেকে বের হয়ে আদালত প্রাঙ্গন ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন।
এদিকে, এ বছরের ১৯ মার্চ মামলা দুটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড়ো ছেলে তারেক রহমানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।