গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার মামলায় মির্জা ফখরুলসহ ২০ দলের নেতাদের চার্জ গঠনের শুনানি আগামী ২৪ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার মহানগর হাকীম আতাউল হক আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শফিউল আলম প্রধান, আমান উল্যাহ আমান, কর্ণেল অলি আহমেদ, কামরুজ্জামান রতন, এমকে আনোয়ার, হান্নান শাহ, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ২০ দলের ৩৭ জন নেতা-কর্মী।
তাদের মধ্যে সাদেক হোসেন খোকা, হাবিব-উন-নবী খান সোহেলসহ ৪ জন সময়ের আবেদন করেন।
২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশ বাদি হয়ে এ মামলা করেন।
গত ২০১২ সালের ১০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর নুরুল আমিন এ মামলার চার্জশিট দাখিল করেন।