হিউম্যান রাইটস ওয়াচকে বিচারাধীন বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়ে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল বিষয়টি নিষ্পত্তি করেছে।
জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের রায় নিয়ে প্রশ্ন তোলায় যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ’র বিরুদ্ধে আনা আদালত অবমাননার আবেদন করা হয়।
গত ২৫ মে এইচআরডব্লিউ বিষয়ে আনা অভিযোগের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর তুরিন আফরোজ, জেয়াদ আল মালুম ও তাপস কান্তি বল। এদিকে, এইচআরডব্লিউ’র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান খান।
গত বছর ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেয় ট্রাইব্যুনাল। ওই রায়ের সমালোচনা করে গত বছর ১৬ আগস্ট বিবৃতি দেয় এইচআরডব্লিউ।
তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন, হিউম্যান রাইটস ওয়াচ ওই বিবৃতিতে জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায়কে ‘ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে ৫টি যুক্তি দেয়। এ বিবৃতি আদালতের জন্য অবমাননাজনক বলে মনে হওয়ায় প্রসিকিউশন এ মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে অভিযোগ এনেছে।
হিউম্যান রাউটস ওয়াচ এর বোর্ড অব ডিরেক্টর, এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক মি. ব্রাড অ্যাডামস ও সহযোগি মি.স্ট্রম টিভকে বাদী করা হয়। সূত্র: বাসস