আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ অক্টোবর তারিখ ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল বিষয়টির ওপর শুনানি শেষে আদেশ দেয়ার এ দিন ধার্য করে।
শুনানিতে অংশ নেন আবেদনকারীর আইনজীবী মিজান সাঈদ ও বার্গম্যানের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
আইনজীবী মিজান সাঈদ শুনানিতে ডেভিড বার্গম্যান তার ব্যক্তিগত ব্লগে বিচারাধীন বিষয়ে যে মন্তব্য করেছেন তাতে আদালত অবমাননা হয়েছে বলে দাবি করেন।
মিজান সাইদ বলেন, আইসিটি অ্যাক্ট ১৯৭২ এ আদালত অবমাননার বিষয়ে স্পষ্ট বলা হয়েছে। এছাড়া, সংবিধানের অনুচ্ছেদে বিচারিক বিষয়ে মন্তব্য করা নিয়ে শাস্তির বিধান রয়েছে।
বার্গম্যানের আইনজীবী তার শুনানিতে বলেন, আদালত অবমাননার বিষয়ে তার মোয়াক্কেলকে কোনো পূর্ব নোটিশ দেয়া হয়নি। মন্তব্যের যে অংশে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে লেখায় ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত ২০ ফেব্রুয়ারি আবেদন করেন আইনজীবী আবুল কালাম আজাদ।
এ আবেদনের প্রাথমিক শুনানিশেষে ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে রুল জারি করে আদেশ দেয় ট্রাইব্যুনাল।
গত ১৮ মার্চ ডেভিড বার্গম্যানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান রুলের জবাব দাখিল করেছিল। ওই জবাবে সন্তুষ্ট নয় বলে জানায় ট্রাইব্যুনাল। পরে ডেভিড বার্গম্যানকে কেন আদালত অবমাননার দায়ে শাস্তি দেয়া হবে না আবারও তার ব্যাখ্যা দিতে ১৭ এপ্রিল আদেশ দেয় ট্রাইব্যুনাল-২।
অন্যথায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে উল্লেখ করে ট্রাইব্যুনাল।