আদালত

২১ আগস্ট গ্রেনেড হামলা: আদালতে সাক্ষ্য দিলেন জজ মিয়ার মা

আদালতে সাক্ষ্য দিলেন জজ মিয়ার মা
আদালতে সাক্ষ্য দিলেন জজ মিয়ার মা

বিগত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত মামলায় জজ মিয়ার মা জোবেদা খাতুন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ তিনি সাক্ষ্য দেন। বিচারক শাহেদ নূর উদ্দিন জোবেদা খাতুনের জবানবন্দি নেন। আগামী বুধবার আসামিপক্ষের জেরার দিন ঠিক করেছে।

ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।

২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সেই গ্রেনেড হামলার পর বিস্ফোরক বিশেষজ্ঞ হিসাবে ঘটনাস্থলে যাওয়া মেজর মারুফ হোসেনকে এদিন আদালতে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে ওই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের বছর ৯ জুন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিরকোট গ্রাম থেকে জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ আদায়ের পর জজ মিয়াকে আসামি করেই ২০০৮ সালে চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পরে অধিকতর তদন্তে দেখা যায়, ওই মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বিগত চারদলীয় জোট সরকারের নির্দেশে সিআইডি জজ মিয়াকে নিয়ে নাটক সাজানোর চেষ্টা করে।

সূত্রাপুর থানার একটি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি জজ মিয়াকে রাজসাক্ষী করার আশ্বাস দিয়ে তার কাছ থেকে মিথ্যা জবানবন্দি নেয়া হয় এবং সিআইডির মাধ্যমে তার পরিবারকে মাসিক খরচের টাকাও দেয়া হতো।

পরে হাইকোর্ট জজ মিয়াকে ২১ অগাস্টের মামলা থেকে অব্যাহতি দিলে ২০০৯ সালে মুক্তি পান জজ মিয়া।

আদালতের নির্দেশে ২০১১ সালের ৩ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে এ মামলায় সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। তাতে জজ মিয়া ও তার মা-বোনকে সাক্ষী করা হয়।

রাষ্ট্রপক্ষে মোট ৪৯১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১০২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। ৫২ আসামির মধ্যে তারেক রহমানসহ ১৯ আসামি পলাতক দেখানো হয়েছে।

উল্লেখ, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার আগে সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত ও শতাধিক আহত হন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছিল বলে পরে তদন্তে বেরিয়ে আসে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ