বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে অবমামনা করে বই লেখার অভিযোগে মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও সাবেক পরিকল্পনামন্ত্রী একে খন্দকারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সানজিদা আফরিন দিবার আদালতে মুক্তিযুদ্ধকালীন পূর্বাঞ্চলের মুজিব বাহিনীর অধিনায়ক ও সাবেক যুগ্ম সচিব এম ইসহাক ভূঁইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আদালত আগামী ১৫ সেপ্টেম্বর এ মামলার আদেশের তারিখ নির্ধারণ করেছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানভির ভূঁইয়া সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে অবমাননা করায় ৫০০ ও ৫০১ ধারায় একে খন্দকারের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, একে খন্দকার তার বই ‘১৯৭১ ভেতর বাইরে’ তে লিখেছেন, মুজিব বাহিনীর কিছু সদস্য যুদ্ধরে সময় লুটপাটের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া, বাহিনীর বেশিরভাগ সদস্যকে মুক্তিযুদ্ধের ময়দানে দেখা যায়নি। এ জাতীয় লেখা মুক্তিযুদ্ধ ও মুজিব বাহিনীর জন্য মানহানিকর।
এ মামলা দায়েরের সময় বিপুল সংখ্যক আওয়ামীপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।