দুর্নীতির দুই মামলায় নিম্ন আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ লিভ টু আপিলের শুনানি শেষে তা খারিজ করে আদেশ দেন।
ফলে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত ৩-এ খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলার কার্যক্রম চলতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে করা পৃথক দুই মামলায় বিচারক নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত ১২ মে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত ৩-এ দুই মামলার বিচারকাজ চলছে। আগামী ১৭ সেপ্টেম্বর এ আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
এর আগে ১৯ জুন খালেদা জিয়ার রিট আবেদনটি খারিজ করে চূড়ান্ত রায় দেন হাইকোর্ট। এরপর ৭ জুলাই হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এছাড়া, জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় আরো একটি মামলা করে দুদক। এ দুই মামলায় ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।