বেতন-ভাতা বৃদ্ধির দাবি করায় ময়মনসিংহে একটি মিলের ১৭ শ্রমিকের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৮ জনকে সাময়িক বরখাস্তও করা হয়েছে বলে দাবি শ্রমিকদের।
এদিকে, চাকরি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
চাকুরিতে যোগ দেয়ার ৬ মাস পর বেতন ভাতা বাড়ানোর শর্তে ময়মনসিংহের ভালুকায় গ্রীন টেক্সটাইল মিলে বেশ কয়েক জনকে নিয়োগ দেয়া হয়। ৬ মাস পর মিল কর্তৃপক্ষের কাছে বেতন ভাতা বাড়ানোর দাবি জানালে শ্রমিকদের সঙ্গে মিলের জিএম এর বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে ২৮ জনকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। পরে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলাও করা হয়।
এ ব্যাপারে মিলের জিএম কোনো কথা বলতে রাজি হয়নি।
তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।