মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে কসাই সিরাজ, আবদুল লতিফ তালুকদার ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।'
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ঠিক করেছে।
গতকাল এ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ (ফরমাল চার্জ) ট্রাইব্যুনালে দাখিল করা হয়।
প্রসিকিউটর সুমন জামান সাংবাদিকদের বলেন, এ তিন 'রাজাকারের' বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, ধর্মান্তরিতকরণসহ বিভিন্ন অভিযোগ দাখিল করা হয়েছে।
তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে বাগেরহাটের কচুয়ার শাঁখারীকাঠি বাজারে ৪২ জনকে হত্যা, ধর্ষণ ও বাড়িতে অগ্নিসংযোসহ ছয়টি অভিযোগে ২০০৯ সালে সিরাজসহ ১২ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। রঘুদত্তকাঠি গ্রামের শহীদ জীতেন্দ্র নাথ দাসের ছেলে নিমাই চন্দ্র দাস কচুয়া থানায় ওই মামলা করেন। মামলাটি পরে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ গত ১০ জুন এই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর পুলিশ তাদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করে।