ক্ষতিকর স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে কোরবানির পশু মোটাতাজাকরণ বন্ধ এবং কোরবানির পশুর হাটগুলোতে স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসক চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
সাংবাদিকদের মনজিল মোরসেদ বলেন, চিকিৎসকের লভ্যতাসহ অন্যান্য দিক বিবেচনা করে এ বছর আমরা শুধু ঢাকা মহানগরী হাটগুলোয় চিকিৎসক নিয়োগের আবেদন জানিয়েছি।
জনস্বার্থে করা এ রিটে আগামী ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত রাজধানীর সবগুলো হাটে পশুর অভিজ্ঞ চিকিৎসক নিয়োগের নির্দেশনাও দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
আবেদনে কোরবানির পশুর হাটে চিকিৎসক নিয়োগের নিদের্শনার পাশাপাশি তাদেরকে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-পুলিশের সমন্বয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে।
পাশাপাশি গরু মোটাতাজাকরণ বিষয়ে নীতিমালা করতে বিশেষজ্ঞদের নিয়ে ৭ দিনের মধ্যে একটি কমিটি গঠনের নিদের্শনাও চাওয়া হয়েছে। কমিটিকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিতে বলা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে ।