পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলায় বিএনপির যুগ্মমহাসচিব ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ জামাত-বিএনপির ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযোগপত্রে আসামিদের তালিকায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি আসম মামুন শাহিন, মাইনুল ইসলাম ও মাহবুব হাসান বুলবুলের নামও রয়েছে।
রোববার সন্ধ্যায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকার দেশ টিভিকে জানান, তদন্ত শেষে তারা এ চার্জশিট দাখিল করেছেন।
সোমবার সেগুলো আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
দুই মামলায় এহাজারভুক্ত আসামি ছিলেন ৮৮ জন। তদন্তে আরো একজনের নাম যোগ করে ৮৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত: ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহত করার নামে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলন চলাকালে গতবছর ২৬ ডিসেম্বর রাজশাহীতে বোমা হামলায় নিহত পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছিলেন আরো ৯ পুলিশ সদস্য।
এরপর বোয়ালিয়া থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বিএনপি-জামাতের ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
এ বছরের ২৪ ফেব্রুয়ারি মামলায় জামিন নিতে গিয়ে আটক হন বিএনপির যুগ্মমহাসচিব ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বর্তমান সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি-জামাতের ৩৬ নেতাকর্মী। তবে ৪ মার্চ হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন তারা।