গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৫ নভেম্বর পুনঃনির্ধারণ করেছে আদালত।
রোববার মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করা ছিল।
এ মামলার অন্যতম আসামি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব কারাগারে রয়েছেন।
কারা কর্তৃপক্ষ আদালতে হাজির করতে না পারায় অভিযোগ গঠনের শুনানির জন্য সময় পেছানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।
শুনানি শেষে আবেদন মঞ্জুর করে দুটি মামলারই শুনানির সময় পিছিয়ে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভুঁইয়া।
গত বছরের ৩ মার্চ রাজধানীর পল্টন ও শাহবাগ থানায় দ্রুত বিচার আইনে মামলা দুটি দায়ের করা হয়। পল্টন থানার মামলায় মির্জা ফখরুলসহ ২৬ জনকে আসামি করা হয়েছে। আর শাহবাগ থানায় মামলায় আসামি করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৪১ জনকে।