জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২৬ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধ্যতামূলক হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
সোমবার সকালে রাজধানীর বকশীবাজারের বিশেষ আদালতে সাক্ষ্যগ্রহণের দিন খালেদা জিয়ার আইনজীবীরা সময় আবেদন করলে বিচারক বাসু দেব রায় আবেদন মঞ্জুর করে নির্দেশ দেয়।
এর আগে ২০০৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও ২০১১ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরে ২০০৯ সলের আগস্টে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ৬ জনকে অভিযুক্ত করে এবং ২০১২ সালে জানুয়ারিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।