ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানিমূলক বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
বাদীর বক্তব্যের পর যথাযথ সরকারি অনুমোদন পাওয়ার পর অভিযোগ তদন্ত করে ২৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে আদালত।
এবি সিদ্দিকীর আইনজীবী রওশন আরা শিকদার ডেইজি জানিয়েছেন, মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলার শুনানি হতে পারে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ অক্টোবর বিকেল ৫টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুভ বিজয়ার অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া আওয়ামী লীগের নানা সমালোচনা করেন।
একপর্যায়ে তিনি বলেন, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পড়ে আছে। তারা ধর্মহীনতায় বিশ্বাস করে। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ নয়, ধর্মহীন দল। এমন বক্তব্যে খালেদা জিয়া সকল ধর্মের অনুভূতিতে আঘাত হেনেছেন।