প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃত হত্যার দায়ে দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার প্রিটোরিয়ার বিচারক থোকোজিল মাসিপা পিস্টোরিয়াসের রায় ঘোষণা করেন।
একইসঙ্গে অস্ত্র আইনে পিস্টোরিয়াসকে আরো ৩ বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি মডেল প্রেমিকা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। এ বিষয়ে দায়ের হওয়া মামলায় গত মাসে পিস্টোরিয়াস দোষী সাব্যস্ত হন।
তবে বিচারক তাকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে রেহাই দেন।
বিশ্বের ‘পা বিহীন দ্রুততম মানব’ হিসেবে পরিচিত ২৭ বছর বয়সী পিস্টোরিয়াসের দাবি, আত্মরক্ষার্থে তিনি গুলি চালিয়েছিলেন। তার গুলিতে বাথরুমে থাকা স্টিনক্যাম্প ঘটনাস্থলে মারা যান।
পরে বাথরুম থেকে মাথা, বাহু ও নিতম্বে গুলিবিদ্ধ স্টিনক্যাম্পের মরদেহ উদ্ধার করে পুলিশ। (সূত্র: বিবিসি)