ইবোলা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কিছু হাসপাতালে বিশেষ চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. আতাউর রহমান খানের একটি বেঞ্চ এ নির্দেশ দেন।
একই সঙ্গে ভাইরাসের প্রয়োজনীয় ওষুধ সংগ্রহেরও নির্দেশ দেন হাইকোর্ট এ বেঞ্চ আর এ আবদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
এ সময় তিনি বলেন, এ নির্দেশ ছাড়াও আদালত রুল জারি করেছে। রুলে বিদেশ থেকে বাংলাদেশে আগতদের পর্যবেক্ষন/পরীক্ষা করে দেখতে হবে, যে তাদের কারো ইবোলা ভাইরাস আছে কি-না। আর বিদেশ থেকে আগতদের ইবোলা পরীক্ষা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণে এবং কার্যকরি প্রতিরোধক ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
মোরশেদ বলেন, ছয় সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান ও পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, দ্রুত আফ্রিকা থেকে দেশে আসা ৬ জনকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে, তাদের ইবোলা ভাইরাস আছে কি-না। বা তারা কোনোভাবে এ ভাইরাসে আক্রান্ত কি-না। আর তাদের পরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট দিতে বলা হয়েছে।