মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বাগেরহাটের ৩ রাজাকার সিরাজ মাস্টার, খান আকরাম এবং লতিফ তালুকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ৭টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, আগামী ২ ডিসেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনসহ ৭টি ঘটনায় অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় গত ৩০ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি করেন প্রসিকিউটর সাইয়্যেদুল হক সুমন। খান আকরাম ও লতিফ তালুকদারের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী ব্যারিস্টার মীর সরোয়ার হোসেন আর সিরাজ মাস্টারের পক্ষে অ্যাডভোকেট আবুল হাসান।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর এ ৩ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় তাদের বিরুদ্ধে বাগেরহাটে হত্যা, গণহত্যা ও ধর্মান্তরসহ ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই গণহত্যায় নিহত রঘুদত্তকাঠি গ্রামের শহীদ জিতেন্দ্র নাথ দাসের ছেলে নিমাই চন্দ্র দাস কচুয়া থানায় মামলাটি দায়রে করেন। মামলাটি পরে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।