সাভারের 'রানা প্লাজা' ধসের ঘটনায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছানো হয়েছে।
রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে করা দুটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন- বৃহস্পতিবার নির্ধারিত ছিল।
মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা শিউলি আগামী ২৪ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর দুটি মামলারই তদন্ত করছেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর এই দুই মামলায় তদন্ত প্রতিবেদনের দাখিলের নির্ধারিত দিন থাকলেও সেদিনও তা দাখিল হয়নি।
গত বছরের ২৪ এপ্রিলে সাভার বাসস্ট্যান্ডের কাছে নয় তলা ভবন 'রানা প্লাজা' ধসে পড়ে। এ ঘটনায় ১ হাজার ১৩১ জন নিহত হয়, যাদের বেশির ভাগই পোশাক শ্রমিক। এ ঘটনায় অবহেলাজনিত হত্যা ও ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়।