বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই দুর্নীতির মামলার ফের সাক্ষ্যগ্রহণ আগামী ২৪ নভেম্বর দিন ঠিক করেছে আদালত।
রোববার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে তিনি হাজির হন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতার মামলায় হাজিরা দেন খালেদা জিয়া। এরপর কয়েকবার বিভিন্ন কারণ দেখিয়ে শুনানিতে অনুপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন।
এ দুই মামলার বিষয়ে খালেদা জিয়ার করা লিভ টু আপিল ঊচ্চ আদালতে বিচারাধীন রয়েছে জানিয়ে এদিন আদালতে সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করেছে।
গত ২২ সেপ্টেম্বর খালেদা জিয়ার সময়ের আবেদন নাকচ করে তার অনুপস্থিতেই একটি মামলার বাদীর আংশিক সাক্ষ্যগ্রহণ হয়। দুর্নীতির এ দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গত ১৯ মার্চ অভিযোগ গঠন করে আদালত।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় আরো একটি মামলা করে দুদক। এই দুই মামলায় ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এদিকে, খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খালা বাহিনী।