নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় গৃহবধূ জান্নাতুল ইসলাম জেনি হত্যা মামলায় স্বামী বদিউজ্জামান বাদশাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই সঙ্গে জরিমানার টাকা নিহতের পরিবারকে দেয়ার জন্য নির্দেশ দিয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোসাম্মৎ লুৎফা বেগম এ দণ্ডাদেশ দেন। তবে রায় ঘোষণাকালে আসামি বদিউজ্জামান বাদশা পলাতক ছিল।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ জানুয়ারি ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকার বাসিন্দা বদিউজ্জামান বাদশা তার স্ত্রীর ওপর শারীরিক নিযার্তন চালায়। জেনির পরিবার আগে সাড়ে ৪ লাখ টাকা যৌতুক দেয়। তবে যৌতুকের ৫০ হাজার টাকা দিতে দেরি হওয়ায় জেনিকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনার পর নিহতের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
জেনির বাবা জয়নাল আবেদীন রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।